কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড

টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে কলম্বিয়াকে হারিয়ে দীর্ঘ ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জয় পায় সুইসরা। এই জয়ের মাধ্যমে ১৯৫৪ সালের পর প্রথমবার বিশ্বমঞ্চের শেষ আটে পা রাখল দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।
ভ্যাঙ্কুভারে হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে মাঠে নেমে প্রথমার্ধেই আক্রমণের পসরা সাজায় কলম্বিয়া। তবে ম্যাচের ২১ মিনিটে গুস্তাভো পুয়ের্তার বাঁকানো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল। এর পরপরই ম্যাচের গতি বাড়িয়ে পাল্টা আক্রমণ শুরু করে সুইজারল্যান্ড। কিন্তু কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস প্রথমে ফ্যাবিয়ান রিডার এবং পরে ড্যান এনডোয়েকে গোলবঞ্চিত করলে প্রথমার্ধ নিষ্ফলা থাকে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে দুই দল। কলম্বিয়ার লুইস সুয়ারেজ সুযোগ হাতছাড়া করার পাশাপাশি দলটির তারকা উইঙ্গার লুইস দিয়াজকে পুরোটা সময় বোতলবন্দি করে রাখে সুইস রক্ষণভাগ। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এনডোয়ের শট লক্ষ্যভ্রষ্ট হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কলম্বিয়ার জন লুকুমির হেড বারে লেগে ফিরে আসে এবং ক্যাম্পাজের শট কোবেল আটকে দিলে ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে পৌঁছায়।
শুটআউটে কলম্বিয়ার ডেভিনসন সানচেজ এবং কুচো হার্নান্দেজ গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে সুইজারল্যান্ডের আকাঞ্জি শট মিস করলেও রুবেন ভার্গাস লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন। ২০১৪ সাল থেকে টানা তিনটি বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আক্ষেপ ঘুচিয়ে এবার কোয়ার্টারে ওঠার উল্লাসে মাতে সুইজারল্যান্ড। ওদিকে মিশরকে ৩-২ গোলে হারিয়ে শেষ আটে আসা আর্জেন্টিনার মুখোমুখি হতে এখন প্রস্তুত সুইসরা।
পিডিএস/এমএইউ









































