চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
চরভদ্রাসনে টাস্কফোর্সের হানা: লাখ টাকা জরিমানা, ভেজাল পণ্য ধ্বংস

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভেজাল, মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, যা পরে জনসম্মুখে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৭ জুলাই) চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ‘আধুনিক ফার্মা’ নামক একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ মেলায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ‘ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্ট’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘মারকাযুন নূর ইসলামিক স্টোর’-এ মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা এবং পণ্যসমূহ জব্দ করে ধ্বংস করা হয়। ওজনে কারচুপির অভিযোগে ‘ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার’-কে ৩ হাজার টাকা এবং মোড়কবিহীন দই ও মিষ্টিজাত পণ্য বিক্রির দায়ে ‘তরুণ মিষ্টান্ন ভাণ্ডার’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, অভিযানকালে ‘চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টার’-এর ইন্টারনাল ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানায় টাস্কফোর্স।
অভিযানটি পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা। এ সময় বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
পিডিএস/এমএইউ









































