শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া এলাকার আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আসাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচির আয়োজন করে নব-জাগরণ ছাত্রকল্যাণ সংগঠন,উত্তর তারাবুনিয়া।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক আলী আসাদ দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অনৈতিক কর্মকান্ডে জড়িত।
তাদের দাবি, এক সহকারী শিক্ষকের পারিবারিক ভাঙনের ঘটনায় তাঁর ভূমিকা রয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকান্ডের অভিযোগ তুলে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বক্তারা আরও দাবি করেন, বিভিন্ন অভিযোগের কারণে তিনি অতীতে সাময়িক বরখাস্থসহ একাধিক বিদ্যালয়ে বদলি হয়েছেন।
বক্তারা বলেন, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁর আচরণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তাঁকে দ্রুত বর্তমান কর্মস্থল থেকে অপসারণ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন ঘটনায় তিনি ব্যক্তিগত ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁর দাবি, বিষয়টি নিরপেক্ষ ভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং তাঁর বিরুদ্ধে নেওয়া সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হোক।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ছুটিকে কেন্দ্র করে প্রধান শিক্ষক আলী আসাদ ও সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার পর প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।









































