বৈরী আবহাওয়ায় স্থগিত চট্টগ্রাম-রাঙ্গামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা

দেশের বন্যা পরিস্থিতি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে শুধুমাত্র চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার আগামীকাল বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা অন্য তিন জেলা- কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে পরীক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।









































