বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বদলগাছীর প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলা প্রাণিসম্পদ অফিসের সীমানা প্রাচীর নির্মাণের সরকারি বরাদ্দের টাকা দিয়ে প্রাচীর না তুলে অফিস ভবন রং ও সংস্কার করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণীর বিরুদ্ধে। সরকারি নির্দেশনা অমান্য করে ৪ লাখ টাকার এই বরাদ্দের নয়ছয় করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সীমানা প্রাচীর নির্মাণের জন্য চার লাখ টাকা বরাদ্দ আসে। সরকারি পরিপত্রে অগ্রাধিকার ভিত্তিতে সীমানা প্রাচীর নির্মাণের বাধ্যবাধকতা থাকলেও তা না করে শুধু অফিস ভবনে রং এবং সামান্য সংস্কার করেই পুরো টাকা খরচ দেখানো হয়েছে। সরেজমিনে দেখা যায়, অফিসের পেছনের অংশ এখনো উন্মুক্ত, যা সরকারি সম্পদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছে। স্থানীয়দের দাবি, যেটুকু রঙের কাজ করা হয়েছে তার প্রকৃত ব্যয় এক লাখ টাকার বেশি নয়।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রাণী বলেন, “সীমানা প্রাচীর নির্মাণের চেয়ে ভবন রং ও সংস্কার করা বেশি জরুরি ছিল। জেলা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ লাখ টাকা দিয়ে পুরো প্রাচীর নির্মাণ সম্ভব নয়।”
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার প্রথমে নীতিমালার দোহাই দিলেও পরিপত্রের বিষয়টি উল্লেখ করার পর জানান, উপজেলা কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে। স্থানীয়রা এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পিডিএস/এমএইউ








































