১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার (১ জুলাই) ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’। ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ দিবসটি উদযাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সকল হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সেখান থেকে সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেবেন।
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি)সম্মুখস্থ চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন এবং কেক কাটা হবে। এসময় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও বিশ্ববিদ্যালয়ের থিম সং এবং রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশিত হবে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্য একটি সংগীত পরিবেশিত হবে।
সকাল ১০টা ৩০ মিনিটে টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আজ ১ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে, তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।








































