রাজশাহী ব্যুরো

  ১ ঘণ্টা আগে

প্রায় ১ হাজার ১০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রাসিকের

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৯ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণাকালে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, “বর্তমান উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি আধুনিক রাজশাহী বিনির্মাণে রূপরেখা তৈরি করা হয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সামগ্রিকভাবে রাজশাহী অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।”

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনের সিটি হল রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রস্তাবিত বাজেট পেশ করেন। এবারের বাজেটে আয় ও ব্যয়ের পরিমাণ সমান ধরা হয়েছে।

অপরদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ৯৩৪ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা; যেখানে উক্ত অর্থবছরের মূল বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৮০৬ কোটি ৬১ লাখ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা।

বাজেট বক্তৃতায় প্রশাসক বলেন, “আগামী দিনে নাগরিক সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য রেখে সম্পূর্ণ বাস্তবতার নিরিখে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রেখে এই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।” নতুন এ বাজেটে নাগরিকদের ওপর কোনো প্রকার নতুন কর আরোপ বা কর বৃদ্ধি করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে।

এ সময় তিনি রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ, বসবাসযোগ্য ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না এবং সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। রাজশাহীর উন্নয়ন, সম্ভাবনা এবং ইতিবাচক অগ্রযাত্রাকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশে-বিদেশে তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সবার সহযোগিতায় রাজশাহীর সুনাম, মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়