বেনাপোল প্রতিনিধি
মাদক মামলায় বেনাপোল-শার্শার দুই মাদক কারবারির ১০ বছর করে কারাদণ্ড

যশোরে ফেনসিডিল মামলায় দুই মাদক কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন—বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান এবং শার্শার গোগা গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুলের ছেলে রুহুল আমিন।
সোমবার (২৯ জুন) যশোরের বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আনিসুর রহমান পলাশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুরগামী সড়কের পাশে সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো একটি ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে পলাতক সুমন রহমান ও রুহুল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে শার্শা থানার এসআই মোস্তাফিজুর রহমান দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত দুই আসামি বিচার চলাকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পলাতক রয়েছেন।
পিডিএস/এমএইউ








































