ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

অপরিশোধিত শিল্পবর্জ্য নদী, খাল বিলে ফেলা যাবেনা : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি বলেছেন, অপরিশোধিত শিল্পবর্জ্য কোন অবস্থাতেই নদী, খাল বিলে ফেলা যাবেনা। যারা এটি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, আমি নিজে সরেজমিনে দেখলাম ভরাডোবা এলাকার তিনটি কারখানার কারণে আশপাশের প্রায় সাড়ে ৩শ’ একর কৃষিজমি দূষিত বর্জ্যে অনাবাদি হয়ে পড়েছে। প্রায় ৪শত পরিবার এই ক্ষতির শিকার হয়েছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না।

ময়মনসিংহের ভালুকায় পরিবেশ দূষণের ক্ষতিকর দিক এবং প্রতিকার ও উন্নয়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

বুধবার (২৪জুন) উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, মাসুদ রানা, মোহাইমিনুল ইসলাম তালুকদার, ইঞ্জিনিয়ার মো. রুহুল আমীন, কৃষক মো. শামছুদ্দিন মন্ডল, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি।

রাকিবুল হাসান খান রাসেল তার বক্তব্যে বন বিভাগ কর্তৃক সাধারণ মানুষের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, ডিমারকেশনের মাধ্যমে বনের জমি পৃথকীকরণ, ডাইং মিলগুলি ইটিপি প্ল্যানের আওতায় আনার দাবী জানান।

এ সময় শিল্পপুলিশের পুলিশ সুপার, মো. আনছার উদ্দিন, ডিএফও কাজী মুহাম্মদ নূরুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক গুলজার হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার ভরাডোভা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল, হ্যারী ফ্যাশন ও মুলতাজিম স্পিনিং মিলের বর্জ্য ব্যবস্থাপনা ও তিনটি মিলের বর্জ্যে ক্ষতিগ্রস্ত ৪শত পরিবারের সাড়ে ৩শত একর ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করেন। এই সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।

প্রতিমন্ত্রী আরোও বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে সরেজমিনে সব কিছু দেখতে এসে নিজ চোখে দেখলাম এটি দীর্ঘ দিনে সমস্যা। আমি যা কিছু দেখলাম তা প্রতিবেদন আকারে প্রধান মন্ত্রীর কাছে জমা দিব। তবে এটুকু বলতে পারি, আপনারা অল্প সময়ের মধ্যেই একটি যৌতিক সমাধান পাবেন।

তিনি বলেন, তারেক রহমানের সরকার কৃষি বান্ধব সরকার। তবে, শিল্প এবং কর্মসংস্থানের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে। উভয়ের স্বার্থ যেভাবে রক্ষা করা যায়, আমরা সেটি মাথায় রেখেই একটি যৌক্তিক সমাধানের দিকে যাবো।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়