কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মম হামলার শিকার হয়ে উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আরিফুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত আলী হোসেন পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করেন গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের আলী হোসেন।

স্থানীয়রা আরিফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ অথবা ঋণসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে গোপীনাথপুর বাজার এলাকায় এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য দেন মোকাদ্দছ মেম্বার, যুবদল নেতা মাইনুল ইসলাম মৃণাল, সাবেক মেম্বার জহিরুল ইসলাম, বিএনপি নেতা হাজী সফিকুল ইসলাম, সাবেক মেম্বার নবী মিয়া, ইয়াছিন সরকার, ডা. শরীফ রানা ও ছাত্রনেতা রাজিবুল ইসলামসহ অনেকে। বক্তারা হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও ঋণসংক্রান্ত বিষয়কে সামনে রেখে তদন্ত চলছে। পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়