reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

আজ সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০-তে পিছিয়ে এখন বাংলাদেশ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি দুদল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে দুদলের ম্যাচটি।

দ্বিতীয় ম্যাচ জিতে ১-১ ব্যবধানে সিরিজে ফেরার টার্গেট বাংলাদেশের। তবে গত ম্যাচে যে ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী দেখাল তারা, সেখান থেকে ফেরার পথটা সহজ হবে না তাদের। সফরের শুরু থেকেই জিম্বাবুয়ের পেসার গতির সামনে টিকতে পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। যে কারণে একমাত্র টেস্ট সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। মাত্র আড়াই দিনে ইনিংস হারের লজ্জায় পড়তে হয়েছে তাদের।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও স্বাগতিক পেস অ্যাটাকে ছিন্নভিন্ন হয়েছে বাংলাদেশের ব্যাটিং। ১৪২ রানের টার্গেট পেয়েও জিততে পারেনি তারা। ১১৬ রানেই অলআউট হয় বাংলাদেশ। এনগারাভা, ইভানসদের গতির সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তারা। তাওহীদ হৃদয় আর নুরুল হাসান উইকেটে কিছুটা থিতু হলেও অন্যরা উইকেটে আসা-যাওয়ার প্রতিযোগিতায় মেতেছিলেন। তবে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার মধ্যে বোলিংয়ে রেকর্ড বোলিং উপহার দেন নাহিদ রানা। ২১ রানে একাই ছয় উইকেট নেন এই গতিতারকা। ওয়ানডে ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। বোলারদের সঙ্গে যদি ব্যাটাররা ঠিকঠাকমতো জ্বলে ওঠেন, তাহলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ে ফিরতে পারে বাংলাদেশ।

অন্যদিকে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ২-০ করতে চাইবে জিম্বাবুয়ে। তারা যে রিদমে রয়েছে, তাতে বাংলাদেশকে বেকায়দায় ফেলে সিরিজ জয় নিশ্চিত করা সময়ের অপেক্ষা। বাংলাদেশের ফেরা, নাকি জিম্বাবুয়ের সিরিজ জয়- সেটি আজ দেখার বিষয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়