সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ফাইল ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। রিয়াদের এই আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, রিয়াদ শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে গ্রামের সবাই গভীরভাবে মর্মাহত।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়ার সাথেই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়