ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী
ঢাকার বাইরে হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকা থেকে রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালকে আরও সক্ষম করতে কাজ করছে সরকার।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা এবং চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের স্বাস্থ্যসেবা উন্নয়নে নেয়া বিভিন্ন পরিকল্পনার কথা বলেন।
পাশাপাশি রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা। হাসপাতাল ও কলেজসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করায় দীর্ঘদিন পর ফুটপাত স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যানজটও কমে আসে।
পিডিএস/এমএইউ









































