গাজী মো. শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন, যাচ্ছে দেশজুড়ে

ছবি : প্রতিদিনের সংবাদ

চলতি মৌসুমে সিরাজগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। স্বাদে-গন্ধে অতুলনীয় হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে এই জেলার কাঁঠাল এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন ভোর হতেই জেলার হাট-বাজারগুলোতে হাজার হাজার কাঁঠাল বেচাকেনা হচ্ছে। পাইকাররা পিকআপ ও ভ্যানযোগে এসব কাঁঠাল দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন।

জেলার কাজিপুর, শাহজাদপুর, বেলকুচি, উল্লাপাড়া, কামারখন্দ, তাড়াশ, রায়গঞ্জ ও সিরাজগঞ্জ সদরসহ প্রতিটি উপজেলায় এবার কাঁঠালের ফলন ভালো হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে এবার গাছে গাছে ফলন বেশি হয়েছে বলে জানান বাগান মালিক ও চাষিরা। কামারখন্দের ধলেশ্বর গ্রামের চাষি আব্দুল বারেক জানান, অন্য বছরের তুলনায় এবার তাঁর গাছগুলোতে বেশি কাঁঠাল ধরেছে। এতে বাড়তি আয়ের আশা করছেন তিনি।

গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে কাঁঠাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় বাসিন্দারা জানান, বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-কাঁঠাল খাওয়ার পাশাপাশি এর বিচি সবজি ও ভর্তা হিসেবে বেশ জনপ্রিয়। এছাড়া, পাকা কাঁঠালের খোসা এবং পাতা বছরজুড়ে গরু, মহিষ ও ছাগলের উৎকৃষ্ট গো-খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

বাজার ঘুরে দেখা গেছে, জেলার সমেশপুর, রাজাপুর, পিপুলবাড়িয়া, সোনামুখী, লাহিড়ী মোহনপুর ও জেলা সদরের কাঁচাবাজারে কাঁঠালের প্রচুর আমদানি রয়েছে। বিক্রেতা তমিজ উদ্দিন জানান, আকারভেদে প্রতিটি কাঁঠাল ৪০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সিরাজগঞ্জ পৌর বাজারের আড়তদার হাফিজুল ইসলাম জানান, প্রতিদিন সকাল-সন্ধ্যা বিভিন্ন উপজেলা থেকে কাঁঠাল আসছে এবং মান ভালো হওয়ায় ঢাকাসহ অন্যান্য জেলার বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. নাসিম হোসেন জানান, জাতীয় ফল কাঁঠাল যেমন সুস্বাদু, তেমনই এটি ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণসহ হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী।

সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা বলেন, “কাঁঠাল একটি বহুমুখী উপকারী ফল, যা মানুষ ও গবাদি পশু উভয়েরই খাদ্য চাহিদা মেটায়। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় স্থানীয় চাষিরা দিন দিন কাঁঠাল চাষে আরও বেশি ঝুঁকছেন। সামগ্রিকভাবে এবার জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে।”

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়