বেলজিয়ামের হৃদয় ভেঙে ১৬ বছর পর সেমিতে স্পেন

খেলা তখন অন্তিম লগ্নে। ঘড়ির কাঁটায় ৮৫ মিনিট। মাঠে নামলেন মিকেল মেরিনো। ডাগআউট থেকে যখন তিনি সবুজ ঘাসে পা রাখছিলেন, হয়তো ভাবেননি মাত্র তিন মিনিটের ব্যবধানেই তিনি বনে যাবেন স্পেনের জাতীয় নায়ক। ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডিফেন্সের অসতর্কতার সুযোগ নিয়ে বল জালে জড়ালেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
আর তাতেই উল্লাসে মাতল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। মেরিনোর এই এক গোলেই বেলজিয়ামের সোনালী প্রজন্মের স্বপ্ন চুরমার করে ২-১ ব্যবধানের জয়ে ১৬ বছর পর সেমিফাইনালের টিকিট কেটে নিল ‘লা রোজা’রা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় স্পেন। তবে বেলজিয়ামের জমাট রক্ষণ ভাঙতে তাদের ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। পেদ্রির জায়গায় একাদশে সুযোগ পাওয়া ফাবিয়ান রুইজ ম্যাচের ৩০তম মিনিটে স্পেনকে প্রথম লিড এনে দেন। দানি ওলমোর একটি বুলেট গতির শট বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি বলে রুইজের নেওয়া শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
তবে স্পেনের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বেলজিয়াম। পিছিয়ে পড়ার ঠিক ১১ মিনিট পর, অর্থাৎ ৪১তম মিনিটে সমতায় ফেরে তারা। টিমোথি কাস্তানিয়ের এক নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে স্পেনের জাল কাঁপান চার্লস ডি কেটেলারা।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে এটিই ছিল স্পেনের জালে জড়ানো প্রথম গোল। এর আগে টানা ৬০৯ মিনিটেরও বেশি সময় ধরে নিজেদের পোস্ট অক্ষত রেখেছিল স্প্যানিশ রক্ষণভাগ।
দ্বিতীয়ার্ধেও দুই দলের আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ জমে ওঠে। তবে ম্যাচের ৭২তম মিনিটে বেলজিয়াম শিবিরে নেমে আসে ঘোর অন্ধকার। নিজের ২১তম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামা তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া মারাত্মক চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। মাঠ ছাড়ার সময় এই অভিজ্ঞ গোলরক্ষকের কান্না বেলজিয়াম সমর্থকদের হৃদয় ভেঙে দেয়। তার স্থলাভিষিক্ত হন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্স।
সিদ্ধান্তই যেন ম্যাচের ভাগ্য বদলে দেয়। অনভিজ্ঞ লামেন্স শেষ মুহূর্তের চাপ সামলাতে ব্যর্থ হন। ম্যাচের ৮৮তম মিনিটে তরুণ স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি একটি জোরালো শট নেন।
বেলজিয়ামের বিকল্প গোলরক্ষক সেনে লামেন্স বলটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে বাজপাখির মতো ছোঁ মেরে গোল করেন সুপার-সাব মিকেল মেরিনো।
শেষ বাঁশি বাজার সাথে সাথেই ১৬ বছর পর নিশ্চিত হয়ে যায় স্পেনের সেমিফাইনাল, আর অশ্রুসিক্ত চোখে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বেলজিয়াম।
পিডিএস/এমএইউ









































