ম্যাচের আগেই বড় ধাক্কা খেলো বেলজিয়াম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেল বেলজিয়াম। দলটির ডিফেন্ডার জেনো ডেবাস্টকে খেলতে দিচ্ছে না তার ক্লাব স্পোর্টিং লিসবন। বিষয়টি নিয়ে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) ও পর্তুগিজ ক্লাবটির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।
২২ বছর বয়সী ডেবাস্ট পর্তুগিজ লিগ মৌসুমের শেষদিকে চোট পান। জুনের শেষ দিকে অনুশীলনে ফিরলেও নকআউট পর্বে তাকে খেলানোর আশা করেছিল বেলজিয়াম।
তবে আরবিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, স্পোর্টিং সিপি ডেবাস্টকে ম্যাচ খেলার মতো শারীরিকভাবে প্রস্তুত মনে করছে না। যদিও বেলজিয়ামের মেডিকেল দল এবং ফিফার মেডিকেল ও বীমা বিভাগ ভিন্ন মত দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জেনো ডেবাস্ট কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে না। তার ক্লাব স্পোর্টিং সিপি জানিয়েছে, তারা তাকে ম্যাচ খেলার জন্য শারীরিকভাবে উপযুক্ত মনে করছে না। এই মূল্যায়ন রেড ডেভিলসের মেডিকেল স্টাফ এবং ফিফার মেডিকেল ও বীমা কর্তৃপক্ষের মতের সঙ্গে মিলছে না।‘ আরবিএফএ আরও জানিয়েছে, বর্তমানে তাদের পারফরম্যান্স বিভাগের তত্ত্বাবধানে আলাদাভাবে অনুশীলন করছেন ডেবাস্ট।
দ্য অ্যাথলেটিকের মতে, পুরো টুর্নামেন্টজুড়েই ডেবাস্টের শারীরিক অবস্থা নিয়ে প্রতিদিন যোগাযোগ রেখেছে স্পোর্টিং ও আরবিএফএ। স্পেন ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেসে দুই পক্ষের বৈঠকে বিষয়টি পর্যালোচনারও কথা ছিল।
এ পর্যন্ত বেলজিয়ামের হয়ে ২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডেবাস্ট। ২০২২ বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। এবারের টুর্নামেন্টে এখনও মাঠে নামতে না পারলেও অনুশীলনে এবং ম্যাচে গ্যালারি থেকে সতীর্থদের সমর্থন দিতে দেখা গেছে তাকে।









































