চোট কতটা গুরুতর, জানালেন এমবাপ্পে

মরক্কোর বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তবে ম্যাচ চলাকালীন ফরাসি শিবিরের জন্য কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের গোড়ালির চোট।
ম্যাচের ৭৭ মিনিটে চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে। তবে ম্যাচ শেষে ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে ফরাসি এই তারকা ফরোয়ার্ড জানিয়েছেন, তার চোট গুরুতর নয়।
ম্যাসাচুসেটসের বস্টন স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোড়ালিতে চোট পান এমবাপ্পে। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাকে তুলে নেন কোচ, তার বদলি হিসেবে মাঠে নামেন জঁ-ফিলিপ মাতেতা।
মাঠ ছাড়ার সময় অবশ্য গ্যালারির দর্শকদের উদ্দেশ্যে হাততালি দিতে দেখা যায় এমবাপ্পেকে। পরে ডাগআউটে ডান পায়ে বরফ বেঁধে বসে থাকতে দেখা যায় তাকে।
ম্যাচ শেষে নিজের চোটের আপডেট দিয়ে এম্বাপ্পে বলেন, ‘আমি একদম ঠিক আছি। গোড়ালিতে সামান্য চোট পেয়েছিলাম, তবে ভয়ের কিছু নেই। ম্যাচের শেষ ১৫ মিনিট খেলার জন্য আমার চেয়ে জেপি (মাতেতা) বেশি প্রস্তুত ছিল।’
ইএসপিএন-এর একটি সূত্রও নিশ্চিত করেছে, এম্বাপ্পের গোড়ালি নিয়ে ফ্রান্স দলের কোনো দুশ্চিন্তা নেই। ম্যাচ শেষে মাঠে এবং ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তাকে বেশ হাসিখুশি মেজাজেই উদযাপন করতে দেখা গেছে।









































