রাজবাড়ী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

রাজবাড়ীতে কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকের টাকার জন্য বৃদ্ধা মাকে মারধরের চেষ্টা, বসতঘরে অগ্নিসংযোগ এবং পবিত্র কুরআন শরিফ পুড়িয়ে দেওয়ার অভিযোগে আবু হোসেন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু হোসেন মোল্লা পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল জব্বার মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গত বুধবার সকালে মাদক কেনার জন্য তিনি তার বৃদ্ধা মায়ের কাছে টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে আবু হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করেন। একপর্যায়ে তিনি ঘরের ভেতর আগুন ধরিয়ে দিয়ে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র পুড়িয়ে ফেলেন। একই সঙ্গে ঘরে থাকা পবিত্র কুরআন শরিফ মাটির চুলায় ফেলে পুড়িয়ে দেন বলে অভিযোগ ওঠে।

পবিত্র কুরআন পুড়িয়ে দেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় জনতা আবু হোসেনকে আটকে রেখে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

এই ঘটনায় আবু হোসেনের বাবা আব্দুল জব্বার মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশি তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়