বেনাপোল প্রতিনিধি
যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে প্রায় এক কোটি ৯ লক্ষ টাকা মূল্যের সাড়ে ৪ টি স্বর্ণের বারসহ তৌফিকুর রহমান (৩৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রীজের ওপর থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক তৌফিকুর রহমান যশোরের শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের আব্দুল মজিদের ছেলে।
বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল দাইতলা ব্রিজের ওপর অবস্থান নেয়। সন্দেহভাজন তৌফিকুর রহমানকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের ৪টি সম্পূর্ণ এবং ১টি অর্ধেক স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য এক কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করেছে যে, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাচ্ছিল।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু দিন যাবত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
পিডিএস/এমএইউ









































