মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাদ্রাসার শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্তের আশ্বাস

ছবি : প্রতিদিনের সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একটি মাদ্রাসার এক শিক্ষিকাকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মো. সোলায়মান হোসেন (৩৫) নামে অপর এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক শাহ আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২২ জুন ওই শিক্ষিকা লিখিতভাবে এই অভিযোগটি করেন।

অভিযুক্ত সোলায়মান হোসেন নেত্রকোনার আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষক। তিনি জেলা আওয়ামী ওলামা লীগের (কার্যক্রম নিষিদ্ধ) আহ্বায়ক কমিটির সদস্য বলেও জানা গেছে।

অভিযোগপত্র থেকে জানা যায়, কয়েক বছর আগে ভুক্তভোগী শিক্ষিকা ও সোলায়মান হোসেন মোহনগঞ্জে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত একই মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সে সময় অভিযুক্ত শিক্ষক তাঁকে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিতেন এবং অশালীন কথাবার্তা বলতেন। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজনকে জানালে একপর্যায়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সোলায়মানকে আটক করেন। পরে তিনি সেখান থেকে চলে যান এবং বদলি হয়ে আটপাড়া উপজেলার শ্রীরামপুর দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় যোগ দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে তিনি ভুক্তভোগী শিক্ষিকার স্বামীকে প্রাণনাশের হুমকিও দেন। এসব বিষয়ে এর আগেও জেলা ইসলামী ফাউন্ডেশনের কার্যালয়ে অভিযোগ দেওয়া হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই শিক্ষিকা। সর্বশেষ গত ২১ জুন জেলা কার্যালয় থেকে বের হওয়ার সময় ওই শিক্ষিকার পথরোধ করে আবারও অশালীন আচরণের চেষ্টা করা হয়। এর পরদিন তিনি জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক বরাবর নতুন করে লিখিত অভিযোগ জমা দেন।

জেলা ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলম বলেন, "অভিযোগ পেয়েছি। সড়ক দুর্ঘটনায় আমার পা ভেঙে যাওয়ায় বর্তমানে চিকিৎসাধীন আছি। কিছুটা সুস্থ হলে অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত শিক্ষক মো. সোলায়মান হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়