গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

“জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। আলোচনা সভায় পরিবেশ সংরক্ষণে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, গাইবান্ধা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আজহারুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ অন্যরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ করা হয়।
পিডিএস/এমএইউ









































