সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে ফার্মেসি মালিককে হত্যার দায়ে সাত জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক সাধন কুমারকে হত্যা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দীর্ঘ ১৬ বছর পর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে রায়ে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি এলাকার শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জ্বল, রিকো, গোলাম ও টোকাই মনির। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামির সকলেই পলাতক ছিলেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় সাধন কুমারের একটি ফার্মেসি ছিল। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান বন্ধ করে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শহরের মিরপুর বিড়ালা কুটি এলাকায় পৌঁছালে ছিনতাইকারী চক্রের সদস্যরা তার গতিরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তার কাছে থাকা নগদ টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ অক্টোবর তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই চন্দন কুমার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ওই সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ শুনানি, সাক্ষ্য-প্রমাণ গ্রহণ এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়