মানিকগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মানিকগঞ্জে গাঁজা গাছসহ আটক ১

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জে বাড়ির পাশের জমিতে গাঁজা চাষের অভিযোগে তৌহিদুর রহমান বাবু নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বিশালাকৃতির একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক তৌহিদুর রহমান বাবু মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন তৌহিদুর রহমান বাবু। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশকে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে যে, এর আগে ওই নারীর স্বামী নিজের স্ত্রীকে উদ্ধার করতে গেলে আইনজীবী বাবু তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করে জখম করেছিলেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাড়ির পেছনের জমিতে গাঁজা গাছ রোপণের কথা স্বীকার করেন ওই আইনজীবী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করে, যার ওজন প্রায় সাত কেজি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাঁজা গাছসহ এক আইনজীবীকে আটক করা হয়েছে। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারীকেও আটক করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়