ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা আনাদোলু ও ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এর খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলের হাতজেরিম বিমানঘাঁটিতে বিমানবাহিনীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেন নেতানিয়াহু। সেখানেই তিনি বলেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি। সামনে নতুন চ্যালেঞ্জ রয়েছে।’
নেতানিয়াহু বলেন, ‘আকাশে আধিপত্য বজায় রাখা ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নীতির অন্যতম ভিত্তি। অস্থির মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ধরে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
এদিকে একই অনুষ্ঠানে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়নি। নতুন পরিকল্পনা প্রস্তুত রয়েছে এবং সামনে আরও বড় ধরনের সামরিক অভিযান চালানো হতে পারে। এ জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও বলেন, প্রয়োজন হলে ইরানের ওপর আবারও হামলা চালাতে সেনাবাহিনী প্রস্তুত। তার দাবি, আকাশে আধিপত্য প্রতিষ্ঠা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রয়োজন হলে দ্বিতীয় বা তৃতীয় দফায়ও হামলা চালানো হবে।









































