কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা ব্যাংকার্স সোসাইটি ও ব্যাংকার্স ফোরামের উদ্যোগে পৌর শহরের স্বাধীনতা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে এবং জেলা ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ছানাউল হক সরকার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. নুরুল আলম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুল্লাহিল বাকি, ব্যাংকার্স সোসাইটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক মো. সফিউল্লাহ, ব্যাংকার্স ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান মোল্লা, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. এরশাদুল হক, সোনালী ব্যাংকের কর্মকর্তা সাইদুর রহমান তুষার এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাংক কর্মকর্তারা কসবায় এসে সাধারণ মানুষের আর্থিক সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু ঋণের পাওনা টাকা আদায় করতে গিয়ে একজন ব্যাংক কর্মকর্তাকে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে যদি ব্যাংক কর্মকর্তাদের ওপর প্রাণঘাতী হামলার শিকার হতে হয়, তাহলে তাদের নিরাপত্তা কোথায়? এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপিনাথপুর ইউনিয়নে অবস্থিত উত্তরা ব্যাংক শাখা থেকে কর্মদিবস শেষে বাসায় ফেরার পথে প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় আলী হোসেন নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি তারা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
পিডিএস/এমএইউ









































