কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবায় অবৈধ ড্রেজিংয়ে কৃষিজমি ভরাট, দুই ব্যক্তিকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে কৃষিজমি ভরাট ও পরিবেশের ক্ষতি করার দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে ড্রেজিং কাজে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ি এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমিতে অবৈধভাবে ড্রেজিং পরিচালনা করে মাটি ভরাট এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি করার অভিযোগে শ্যামবাড়ি গ্রামের আবু তাহের মিয়ার ছেলে মো. রতন মিয়াকে (৩২) ১ লাখ টাকা এবং নবীনগর উপজেলার কনিকাড়া গ্রামের মৃত নুরুল হক মিয়ার ছেলে মো. সোহরাফকে (৪২) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। এছাড়া ড্রেজিং কার্যক্রমে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে কৃষিজমি নষ্ট এবং পরিবেশের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের ড্রেজিংবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়