সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭৫০ কার্টন সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এঘটনায় জড়িত ট্রাকচালক মো. আল আমিন গাজীকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা এবং রাতে ঢাকার সাভারে পৃথক অভিযান চালিয়ে তেল উদ্ধার ও চালককে গ্রেপ্তার করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ট্রাকচালককে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপের কারখানা থেকে রংপুরের উদ্দেশ্যে একটি ট্রাকে (সিলেট-ট ১১-০৬৫৮) ৭৫০ কার্টন ফ্রেশ সয়াবিন তেল পাঠানো হয়। পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২৫ লাখ টাকা। তবে নির্ধারিত গন্তব্যে পণ্য পৌঁছে না দিয়ে ট্রাকচালক আল আমিন গাজী ট্রাকসহ আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ফাহিমা ই-ট্রান্সপোর্টের ম্যানেজার মো. হাছান আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন। মামলার পর সোনারগাঁ পুলিশের একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
একপর্যায়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকা থেকে আত্মসাৎ করা ৭৫০ কার্টন সয়াবিন তেল এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, চাঞ্চল্যকর এঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।









































