কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় শিশু নির্যাতনের অভিযোগে কিশোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগে শাহাদাত হোসেন তুষার (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে কসবা পৌরশহরের কল্যাণ সাগর এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত তুষার ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার কাটুলিপাড়া এলাকার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে কল্যাণ সাগর এলাকায় সপরিবারে বসবাস করে আসছিল।
নির্জন স্থানে নিয়ে নির্যাতন: স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা একজন রাজমিস্ত্রি। সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যে শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হলে অভিযুক্ত তুষার তাকে একা পেয়ে নির্জন এক গাছতলায় নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ওপর নির্যাতন চালানো হয়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজতে বের হয়ে তার মা তাকে রক্তাক্ত ও কান্নারত অবস্থায় উদ্ধার করেন। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা প্রকাশ করে।
৯৯৯-এ কল ও পুলিশি অ্যাকশন: ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত তুষারকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এ কল দেয়। সেখান থেকে বার্তা পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ৯৯৯ নম্বর থেকে তথ্য পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পিডিএস/এমএইউ









































