বেনাপোল প্রতিনিধি
শার্শায় শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ১

যশোরের শার্শা উপজেলায় এক প্রতিবন্ধী দম্পতির আট বছর বয়সী কন্যাশিশুকে নির্যাতনের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নুরুল হক নুরু (৪০) কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।
নির্জন ঘরে নিয়ে নির্যাতনের চেষ্টা: মামলার এজাহারের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে ফুসলিয়ে নিজের দোচালা টালির ঘরে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর চাচি রূপা খাতুন বাদী হয়ে শুক্রবার (১৭ জুলাই) শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।
প্রযুক্তির সহায়তায় বাজার থেকে গ্রেপ্তার: মামলা দায়েরের পরপরই শার্শা থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার এলাকা থেকে অভিযুক্ত নুরুল হক নুরুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পিডিএস/এমএইউ









































