বাবুল আহমেদ, মানিকগঞ্জ

  ১ ঘণ্টা আগে

বৃষ্টি ও বন্যায় চড়া মানিকগঞ্জের কাঁচাবাজার

ছবি : প্রতিদিনের সংবাদ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার প্রভাবে মানিকগঞ্জের বাজারে মাছ, সবজি, ডিম ও মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরবরাহ কমে যাওয়ায় মাত্র কয়েক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার সকালে মানিকগঞ্জের বেউথা, কাছারি মাঠ ও নয়াকান্দি বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরবরাহে ঘাটতি ও দামের ঊর্ধ্বগতি: ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলের পুকুর ও মাছের ঘের পানিতে ভেসে যাওয়ায় উৎপাদন ও সরবরাহে বিঘ্ন ঘটেছে। পাইকারি বাজারে সংকট থাকায় খুচরা বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বৃষ্টি ও বন্যাকে অজুহাত বানিয়ে বিক্রেতারা অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছেন।

মাছের বাজার পরিস্থিতি: বাজারে বর্তমানে মাঝারি ও বড় আকারের রুই ও কাতলা মাছ প্রতি কেজি ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তের প্রিয় তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা এবং পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া চাষের চিংড়ি কেজিতে ১০০ টাকা বেড়ে ৯০০ থেকে ১,২০০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ কম থাকায় এক কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ টাকা।

সবজি, ডিম ও মুরগির চিত্র : সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ও বরবটি ৯০ থেকে ১০০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামের সবজির মধ্যে পেঁপে, ঢ্যাঁড়শ ও পটোল মিলছে ৫০ থেকে ৬০ টাকায়।

সবজির দাম বাড়ায় ডিমের ওপর চাপ বেড়েছে। ফলে দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে এখন ১৪০ টাকায় ঠেকেছে। পাশাপাশি ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়