সাকার হ্যাটট্রিকে ইংল্যান্ডের জয়, এমবাপ্পের বিশ্বরেকর্ড

মায়ামিতে অনুষ্ঠিত বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোলবন্যা ও রোমাঞ্চকর লড়াই দেখল ফুটবলবিশ্ব। ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে টমাস টুখেলের ইংল্যান্ড, যা গত ৬০ বছরে বিশ্বকাপে তাদের সেরা সাফল্য।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ফরাসিদের পক্ষে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে লিওনেল মেসিকে (২১ গোল) টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার (২২ গোল) অনন্য রেকর্ড গড়েন। একই সাথে ১০ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে যান তিনি।
তবে ফরাসিদের এই প্রতিরোধ রুখে দেন ইংলিশ তারকা বুকায়ো সাকা। পেনাল্টি থেকে গোল করে তিনি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। শেষ মুহূর্তে ফরাসি উইঙ্গার দেম্বেলে ব্যবধান ৫-৪ করলেও অতিরিক্ত সময়ে জুদ বেলিংহামের দুর্দান্ত গোলে ৬-৪ ব্যবধানের জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। এই গোলের মাধ্যমে বেলিংহাম এক আসরে কোনো ইংলিশ ফুটবলার হিসেবে সর্বোচ্চ (৭টি) গোলের নতুন রেকর্ড গড়েন।
এমবাপ্পে ব্যক্তিগতভাবে ইতিহাস গড়লেও, শেষ পর্যন্ত সাকার হ্যাটট্রিক আর বেলিংহামের রেকর্ডে জয়োৎসব করেছে ইংল্যান্ড।
পিডিএস/এমএইউ








































