সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ভিক্ষুকদের দোকান ও শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ৩ জন সুবিধাভোগী ভিক্ষুকের মাঝে ১টি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই সাথে নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। এছাড়া, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কল্যাণমুখী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার দুটি স্কুলের কিশোরীদের মাঝে ২০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এর আগে তিনি গাড়াদহ ইউনিয়নের মশিপুরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেন এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। পাশাপাশি এদিন বিভিন্ন বিদ্যালয়ে চেয়ার, বেঞ্চ, ফ্যান এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের সাথে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ








































