reporterঅনলাইন ডেস্ক
  ১১ ঘণ্টা আগে

ফাইনালের আগে আর্জেন্টিনার বিরুদ্ধে ফাউলের অভিযোগ স্পেনের লাপোর্তের

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। তার অভিযোগ, প্রতিপক্ষকে কঠিন ফাউল করতে আর্জেন্টিনা দ্বিধা করে না। তাই ম্যাচ নিয়ন্ত্রণে রেফারিকে কঠোর ভূমিকা রাখতে হবে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, ফুটবলের আগ্রাসন নিয়মের মধ্যে থাকলে তার আপত্তি নেই। তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে, যেখানে অনেক ফাউল শাস্তি ছাড়াই পার পেয়ে গেছে।

তার ভাষায়, আর্জেন্টিনা প্রতিপক্ষের গায়ে আঘাতের দাগ রেখে যেতে পছন্দ করে এবং প্রায় কাউকেই ফাউল করা থেকে বিরত থাকে না। এমন আচরণ বড় প্রতিযোগিতায় থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

লাপোর্তে বলেন, এক বা দুই খেলোয়াড়কে যদি নিয়ম ভাঙার সুযোগ দেওয়া হয়, তাহলে পুরো ম্যাচই বিশৃঙ্খলায় পরিণত হতে পারে। টুর্নামেন্টজুড়ে স্পেন পরিচ্ছন্ন ফুটবল খেলেছে বলেও দাবি করেন এই ডিফেন্ডার।

তিনি জানান, আর্জেন্টিনার খেলার ধরন নিয়ে স্পেনের ড্রেসিংরুমেও আলোচনা হয়েছে। তবে বিষয়টি নিয়ন্ত্রণের দায়িত্ব পুরোপুরি রেফারির ওপরই নির্ভর করছে।

আর্জেন্টিনার বিপক্ষে রেফারিদের বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ আগেও উঠেছিল। তবে সেই সমালোচনার জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর মেসি বলেন, গত চার বছর ধরে আর্জেন্টিনাই বিশ্বের অন্যতম সেরা দল। টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রমাণ করে তাদের সাফল্য কোনো কাকতালীয় ঘটনা নয়।

রবিবার দিবাগত রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।

সূত্র: মার্কা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়