নোয়াখালী প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

রাস্তা বন্ধ করে দেয়াল, অবরুদ্ধ ৭ পরিবার

সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে বিকল্প পথের ব্যবস্থা

নোয়াখালী সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের পশ্চিম বাহাদুরপুর গ্রামে ১১২ বছরের পুরোনো চলাচলের রাস্তা বন্ধ করে ১১ ফুট উঁচু দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে সাতটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

এ নিয়ে ‘দৈনিক প্রতিদিনের সংবাদ’-এ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম বাহাদুরপুর গ্রামের সাতটি পরিবারের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে একটি দেয়াল নির্মাণ করা হয়। এতে পরিবারগুলোর সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং তাদের কাগজপত্র পর্যালোচনা করেন। তিনি জানান, জমি ও চলাচলের পথ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ফলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ সাতটি পরিবারের চলাচলের জন্য উভয় পক্ষের সম্মতিতে বিকল্প একটি পথ নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের উদ্যোগে ওই পথ দিয়ে পরিবারগুলোকে চলাচলের সুযোগ করে দেওয়া হয়। দেয়াল নির্মাণের অভিযোগ ওঠা হারুনুর রশিদ মিলন বলেন, ‘আমরা প্রতিবেশী। তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। এসিল্যান্ড স্যার যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি তা মেনে নিয়েছি। বিকল্প পথ দিয়ে তাদের চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।’

নোয়াখালী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীর বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের রায়ের ওপর নির্ভর করবে। তবে বর্তমানে অবরুদ্ধ সাতটি পরিবারের চলাচলের জন্য বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে তারা ওই পথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।’

প্রশাসনের এই উদ্যোগে আপাতত সাতটি পরিবারের চলাচলের সংকটের সমাধান হয়েছে। তবে জমি ও পুরোনো চলাচলের রাস্তা নিয়ে চলমান বিরোধের স্থায়ী সমাধান আদালতের রায়ের পরই হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়