মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

  ১১ ঘণ্টা আগে

নওগাঁয় ৬ মাসে ২ কোটি টাকার মাদক উদ্ধার, আটক ৭৩৩

ছবি : প্রতিদিনের সংবাদ

নওগাঁ জেলায় গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার এবং ৭৩৩ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৮৪০ টাকা।

জেলা পুলিশের তথ্যমতে, ছয় মাসের পৃথক অভিযানে ৪৮৬ গ্রাম হেরোইন, ৬২৮ বোতল ফেনসিডিল, ৪ হাজার ২৩৯ পিস ইয়াবা, ২২৩ কেজি ১৯ গ্রাম গাঁজা ও ১৯ কেজি গাঁজা গাছ, ১ হাজার ১৬ পিস অ্যাম্পুল ইনজেকশন, ৮ হাজার ৭৮.২ লিটার চোলাই মদ, ৩ হাজার ২৯৬ লিটার মদ তৈরির উপকরণ, ৪ বোতল বিদেশি মদ এবং ১৯ হাজার ৬৪৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় জেলার ১১টি থানায় ৩৯৪টি মামলায় ৬০৮ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে এজাহারনামীয় ৫২৬ জন আসামিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ১৭২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গত ছয় মাসে তাঁর থানা এলাকায় ৫৯টি মামলায় ৮২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ও ওয়ারেন্টের মাধ্যমে আরও ১৩৪ জনসহ মোট ২১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত কঠোর অভিযান পরিচালনা করছে। পাশাপাশি যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জেলাজুড়ে সচেতনতামূলক মতবিনিময় সভাও করা হচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়