কালশী বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনসারের ‘ফুটবল উৎসব’

সমাজের সব স্তরের মানুষের কাছে বিশ্বকাপের আনন্দ পৌঁছে দিতে এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের ইতিবাচক সামাজিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে রাজধানীর কালশী বস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফুটবল উৎসব ২০২৬’-এর অন্যতম আকর্ষণ ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জ’। ১৮ জুলাই (শনিবার) আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় কালশী বস্তির বিপুলসংখ্যক শিশু-কিশোর অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। খেলাধুলার মাধ্যমে সুবিধাবঞ্চিত এই শিশুদের মাঝে শৃঙ্খলা, দলগত চেতনা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই ছিল এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ডিএমএ) জনাব মোঃ আসাদুজ্জামান গনী। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বৈশ্বিক এই ফুটবল উৎসবের সার্বজনীন আনন্দ থেকে যেন সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা বঞ্চিত না হয়, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আনসার বাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা, পানির পট ও পেন্সিল বক্সসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকে উৎসাহিত করতে সান্ত্বনা পুরস্কার হিসেবে কলম দেওয়া হয়। পুরো আয়োজনটি 'প্রান্তিক কণ্ঠস্বর'-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
পরিচালক (মিডিয়া সেল) ও অধিনায়ক (এজিবি) মোঃ আইয়ুব আলী, ডিএমএ জোন কমান্ডারগণ, থানা কর্মকর্তা এবং প্রশিক্ষকদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সময়োপযোগী উদ্যোগ প্রমাণ করে যে খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং তা প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের মনে আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনের একটি অত্যন্ত কার্যকর মাধ্যম।
পিডিএস/এমএইউ








































