ঈদুল আজহার মজাদার রান্না

ঈদুল আযহার পবিত্র দিনে ঘরের গৃহিণীরা ব্যস্ত হয়ে পরেন বিশেষ কিছু রাঁধতে। তাই বাড়ীর দাদী, নানী, মা, বোন, ভাবিদের রান্নার কাজ একটু সহজ করে দিতেই কম ঝামেলার রান্না নিয়ে আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া
সিন্নির গোশ
উপকরণ : মাংস ৫ কেজি, পেঁয়াজ ৩টি, রসুন ১টি, আদা বড় ২ টুকরো, টমেটো ৪টি একত্রে ব্লেন্ডারে পেষা, কাঁচামরিচ গোটা ১৫টি, সয়াবিন তেল আধা লিটার, লাল মরিচেরগুঁড়ো ৬ মুঠো, ধনেগুঁড়ো ৪ মুঠো হলুদ ১ মুঠো, তরল দুধ ১ লিটার, লেবুর রস ১টি, পানি ১ লিটার, লবন ২ মুঠো।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ বড় ডেকচিতে একত্রে মেখে চুলোর আঁচ বাড়িয়ে বসিয়ে দিন। মাংস থেকে পানি বেরিয়ে এলে ঢাকনা দিয়ে সেদ্ধ করুন প্রয়োজনে পানি দিন। মাংস নরম, মাখামাখা হয়ে এলেই সিন্নির গোশ তৈরি।
পায়ার ভাত
পায়া রান্না : গরু/খাসির পায়া ২টি (২ টুকরো আদা দিয়ে দু’ দিন সেদ্ধ করা), গ্রেট করা পেঁয়াজ ১টি, রসুন কোয়া ১টি, কাঁচা মরিচ গোটা ৭টি, পানি ২ লিটার, লবন ১চা চামচ সব উপকরণ একত্রে সেদ্ধ করুন। শুকিয়ে ঘন হয়ে এলেই শেষ।
ভাত : আতপ চাল ১/২ কেজি, গরম মশলা গুড়ো ১ চা চামচ, তেল ১২ টেবিল চামচ, ১টি পেঁয়াজ গ্রেট করা। গোলাপ জল ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, পায়ার ঝোল মধ্যমা আঙুলির প্রথম দাগ পর্যন্ত।
বি: দ্র: পায়া ঝোল কম হলে পানি ব্যবহার করবেন।
প্রস্তুত প্রণালি : তেল গরম করে পেঁয়াজ রসুন ভেজে শুকনো মসলায় মাংস কষিয়ে সব উপকরণ একত্রে দিয়ে ৩০মিনিটি দমে রাখলেই পায়ার ভাত তৈরি।
মাংসের বড়া
উপকরণ : কাঁটা মাংস বড় ১ বাটি ব্লেন্ডারে পিষা, ডিম ২টি, বেসন ৩ টেবিল চামচ, জিরেগুঁড়ো আধা চা চামচ করে, লবণ আধা চা চামচ,
প্রস্তুত প্রণালি : সব উপকরণ হাতে একত্রে মেখে গোল করে বল বানিয়ে ডুবু তেলে কালচে করে ভাজলেই মাংেসের বড়া তৈরি।
কদুর সেমাই
উপকরণ : বড় ১টি কদু ও ১টি কাঁচা পেঁপে কোরানো (৩০ মিনিট সেদ্ধ করে, ধুয়ে পাতলা কাপড় দ্বারা পানি ঝরানো), পানি দেড় লিটার, আধা কেজি গুঁড়ো দুধের প্যাকেট ১টি, চিনি আধা কেজি, নারকেল কোরানো গোটা ১টি, এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ ১টি করে, কিসমিস, বাদাম, খোরমা সব মিলিয়ে ১ কাপ, লবণ ৫চিমটি।
প্রস্তুত প্রণালি : সব উপকরণ বড় ডেকচিতে মিশিয়ে ১৫ মিনিট সেদ্ধ করলেই কদু পেঁপের সবজি সেমাই তৈরি।
বিঃদ্রঃ ডিপ ফ্রিজে ১৫দিন ও নরমালে ৪দিন থাকবে। অর্থাৎ ঈদের ২দিন আগে করে রাখলেও সমস্যা নেই।
"








































