চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতি, ব্যবসায়ী আহত

ছবি : প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতি, ব্যবসায়ী আহত। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরঝাউকান্দা ইউনিয়ন সীমান্তে পদ্মা নদীতে এক যাত্রীবাহী স্পিডবোটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটন মোল্লা (৩২) জখম হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীরচর কারিকরডাঙ্গী গ্রামের লিটন মোল্লা ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পৌঁছানোর উদ্দেশ্যে স্পিডবোটে যাচ্ছিলেন। এসময় ফারুক মোল্লার চরের পাশে একটি ডাবল ইঞ্জিনের স্পিডবোটে ডাকাতদল তাকে পেছন থেকে ধাওয়া করে। স্পিডবোটের চালক সঞ্জিত খালাসী (৩৯) কাশবনে পালিয়ে যাওয়ায় একমাত্র যাত্রী লিটন ডাকাতদের হাতে পড়েন।

ডাকাতরা লিটনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্পিডবোটের চার লক্ষাধিক টাকার ইঞ্জিনসহ যন্ত্রপাতি নিয়ে যায়। এছাড়া লিটনের বাম হাতেও ধারালো অস্ত্রের আঘাত লাগে। স্থানীয় জেলেরা তাকে উদ্ধার করে ঢাকার দোহার উপজেলার একটি হাসপাতালে ভর্তি করেন।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা বলেন, “এ ধরনের ঘটনা এলাকায় নিরাপত্তা হুমকির ইঙ্গিত দেয়। আমরা স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এবং পুলিশকে সব ধরনের সহযোগিতা করছি।”

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতদল সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি। তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়