চাঁদপুর প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর প্রত্যয় বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান

ছবি : প্রতিদিনের সংবাদ

চাঁদপুর-০৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আজকের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন মানেই প্রধানমন্ত্রী তারেক জিয়ার সবার আগে বাংলাদেশ তৈরির যে প্রত্যয় তার বাস্তবতা।

শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আয়োজনে বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মানিক বলেন, বহিরাঙ্গনের যেসব বিষয় নিয়ে আয়োজিত হয়েছে তার বেশিরভাগ নিজেরাই বাস্তবায়নযোগ্য। এর মধ্যে মাদক চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা, যৌতুক বন্ধসহ ৩/৪টি বিষয় সরকার এবং প্রশাসনের সমন্বয়ে পালন করতে হবে।

মাদক চোরাচালানে বিষয়ে নারী ও শিশুদের সম্পৃক্ততা এবং যৌতুক বন্ধ বিষয়ে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, যেহেতু আমাদের বেশ কিছু এলাকাজুড়ে দারিদ্র্যতার হার বেশি, সেহেতু এ ধরনের অপসংস্কৃতি এখানে চালু ছিল। তবে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ শুরু করেছি। পাশাপাশি যৌতুক বন্ধেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যেখানে যেখানে এসব কার্যক্রম হতে পারে সেসব জায়গা আমরা কিছুটা চিহ্নিত করতে পেরেছি এবং কার্যক্রম শুরু করেছি। তবে সবাইকে আমাদের নিজেদের সচেতন হতে হবে। সবার সহযোগিতায় আমরা এ ধরনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারব।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও পরিচালক মো. শাহআলম, যুগ্ম সচিব এবং উপ প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।

অনুষ্ঠান সঞ্চালনার করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা। আলোচনা শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়