কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৬ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

নিহত আনোয়ার হোসেন। ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত প্রায় ৯টা ১০ মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আনোয়ার ও সাব্বির দীর্ঘদিনের বন্ধু ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় আনোয়ার প্রতিবাদ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় একটি অটোরিকশা থেকে আনোয়ারকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেশকাতুজ্জয়ামান জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছিল।

নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে সৌদি আরব প্রবাসী ছিল। দেশে ফিরে একটি খামার গড়ে তোলার পরিকল্পনা করছিল। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়