কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

'প্রকৃতি থেকে অনুপ্রাণিত। জলবায়ুর জন্য। আমাদের ভবিষ্যতের জন্য।’ এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ, চারা বিতরণ, পাখির জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে গাছে গাছে মাটির কলস স্থাপন ও লিফলেট বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।
শুক্রবার বিকালে কটিয়াদী সরকারি কলেজ চত্বরে স্মারক বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ বছর সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি 'সবুজায়ন' এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম।
এ সময় সংগঠনের কার্যকরী সমন্বয়ক চলচ্চিত্রকর্মী জিসান আজাদ, সংগঠনের সদস্য কাওসার আহমেদ, ইমরান হোসেন, ইয়াসিন আহমেদ, আরিফুল ইসলাম, হাসিব আল মাহমুদ রাস্কি, সাব্বির হোসেন রিয়াদ, আরিফুল ইসলাম আকাশ, ঈশান, বিনয়, পিয়াস, রাজিন, রাফিদ, রাহাদ, ইকরাম, আদিল প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সমন্বয়ক বদরুল আলম নাঈম বলেন, পৃথিবীর উষ্ণতা ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। একমাত্র বৃক্ষরোপণই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারে। ফিরিয়ে আনতে পারে জীব বৈচিত্র্য।
সংগঠনের কার্যকরী সমন্বয়ক জিসান আজাদ বলেন, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া অনেকাংশেই মানবসৃষ্ট। প্রতিনিয়ত অবাধে বন ধ্বংসের কারণে এহেন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনই সময় গাছ লাগিয়ে প্রাণ প্রকৃতিকে ভরিয়ে তোলার।
উদ্যোক্তোরা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখিসহ বিভিন্ন বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী সংরক্ষণ খুবই জরুরী। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের পাশাপাশি রক্তদান সমিতির মতো সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে।









































