চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চরভদ্রাসনে ট্রাক্টরসহ পদ্মায় পড়ে চালকের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ট্রাক্টরসহ পদ্মা নদীতে পড়ে মোহাম্মদ জয় বিশ্বাস (২৪) নামে এক ট্রাক্টরচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর বালুরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমি চাষের কাজ করার সময় হঠাৎ ট্রাক্টরটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি পদ্মা নদীতে পড়ে যায়। এ সময় ট্রাক্টরচালক জয় বিশ্বাস নদীতে নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, চরভদ্রাসন থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

দীর্ঘ চেষ্টার পর নদী থেকে ট্রাক্টরটি উদ্ধার করা হয় এবং পরে চালক জয় বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের বাসিন্দা। তিনি গোলাম বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন এলাকায় ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদের কাজ করতেন।

চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান (বদু) মৃধা জানান, জয় প্রায় তিন মাস ধরে এলাকায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একজন পরিশ্রমী যুবক ছিলেন। এ দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে। স্থানীয়রাও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়