রংপুর ব্যুরো
রংপুরে কারাবন্দিদের মাঝে লিচু বিতরণ

রংপুর কেন্দ্রীয় কারাগারে এক ব্যতিক্রমধর্মী ও হৃদয়ছোঁয়া আয়োজনে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মৌসুমি ফল উৎসবে কেন্দ্রীয় কারাগারে ১১ শত ৩২ জন কারাবন্দির মাঝে লিচু বিতরণ করা হয়। প্রত্যেক বন্দিকে ১০ টি করে লিচু হাতে তুলে দেওয়া হয়। কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
এদিকে, কারা কর্তৃপক্ষ বলছেন, বন্দীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। তাদের ভুলগুলো সংশোধন করে আবারো পরিবার-পরিজনের সাথে নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর।
আজ শুক্রবার দুপুরে কারা অধিদপ্তরের আওতায় রংপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে কারাগারের অভ্যন্তরে মৌসুমি ফল লিচু উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ ফল উৎসবে বন্দিদের আত্মীয়-স্বজন,কারাগারে উপস্থিত কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ আয়োজনের প্রশংসা করেন। তারা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ বন্দিদের মধ্যে ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
কারাবন্দীরা বলেন,কেন্দ্রীয় কারাগারে বন্দিরা মৌসুমি ফল উৎসব উপলক্ষে আনন্দিত এবং কারাগার কর্তৃপক্ষের কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ সময়ের পর এ রকম আয়োজন তাদের মধ্যে ভিন্নধর্মী অনুভূতি ও উৎসাহ সৃষ্টি করেছে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এ. এস.এম. কামরুল হুদা বলেন, কারাবন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার অংশ হিসেবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ থাকতে ফল খাওয়ার কোনো বিকল্প নেই। মৌসুমি ফল পেয়ে তারা আনন্দিত হয়েছে, যা কারাগারের ভেতরে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বলে জানালেন কেন্দ্রীয় কারাগারের এই কর্মকর্তা।
ফল উৎসবে উপস্থিত ছিলেন, রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা,ভারপ্রাপ্ত জেলার রুস্তম আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য,যে, রংপুর কেন্দ্রীয় কারাগার ইতিপূর্বেও নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে বন্দিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ফল উৎসব তারই একটি দৃষ্টান্ত। রংপুর কেন্দ্রীয় কারাগারসহ বিভাগের ৮ টি জেলার কারাবন্দীদের মাঝে মৌসুমি ফল লিচু বিতরণ করা হয়েছে।
পিডিএস/এমএইউ









































