বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় তেতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর মো. জোবায়ের (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। িজোবায়ের উপজেলার সাচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের নুরনবী শিউলীর ছেলে।

স্থানীয় মহসিন খান ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৯টার দিকে জোবায়ের বাড়ি থেকে বের হয়ে বেড়িবাঁধের ওপর অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে নদীর পাড়ে বাঁধা একটি নৌকায় উঠে বসে। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ধারণা করা হয়, সবার অগোচরে নৌকা থেকে তেতুলিয়া নদীতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা বৃহস্পতিবার দিনভর এবং রাতভর নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খোঁজাখুঁজিরে এক পর্যায়ে পরদিন শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে তেতুলিয়া নদীর খেয়াঘাট খালের মুখ এলাকা থেকে ভাসমান অবস্থায় জোবায়েরের মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। ওই দিন সকাল ১১টায় তার দাফন সম্পন্ন করা হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত জটিলতা ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়