সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পেল প্রথম নারী উপাচার্য

ছবি : প্রতিদিনের সংবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আখতার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

সোমবার বিকেলেই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। এরপর মঙ্গলবার তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নিজের দায়িত্ব নেন। এ সময় প্রতিষ্ঠানের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ূয়া তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর তাহমিনা আখতারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য পদে পাঁচটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।

শর্তগুলো হলো উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন, উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক তাহমিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার এক গুরত্বপূর্ণ কেন্দ্র। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং জনসম্পৃক্ততার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করতে চাই।

তাহমিনা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি এবং অংশীদারিমূলক প্রশাসনের মাধ্যমে আমরা একটি আধুনিক, শিক্ষা-শিল্প দক্ষতাভিত্তিক, অংশীদারি, গবেষণাবান্ধব ও শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।

অধ্যাপক তাহমিনা আখতার বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়