বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চোখ ধাঁধানো টর্চের আলো ও মরিচের গুঁড়া ছুড়ে ছিনতাই

চট্টগ্রামের বোয়ালখালীতে রাতে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীর চোখে টর্চের তীব্র আলো ফেলে ও মরিচের গুঁড়া ছুড়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬)।
জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাকপুরা চৌমুহনী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন গৌতম চৌধুরী। তিনি বাজারে ‘লোকনাথ ক্লথ স্টোরথ নামে একটি কাপড়ের দোকান পরিচালনার পাশাপাশি মোবাইল ব্যাংকিং এজেন্ট হিসেবেও লেনদেন করেন। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সারোয়াতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তার পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে থাকা দুই যুবক তার পথরোধ করে। এ সময় তারা চোখে শক্তিশালী টর্চের আলো ফেলে এবং মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে। পরে ভারী কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করে সঙ্গে থাকা নগদ ৩০ হাজার টাকা ও প্রায় ১৮ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সারোয়াতলী ইউনিয়নের গগন সেন বাড়ির বাসিন্দা গৌতম চৌধুরী বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ দুই যুবক পথরোধ করে চোখে টর্চের আলো ফেলে। কিছু বুঝে ওঠার আগেই মুখে মরিচের গুঁড়া ছুড়ে আঘাত করে। পরে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। দীর্ঘদিনের চেনা পথও এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঘটনার পর মঙ্গলবার (৯ জুন) বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
পিডিএস/এমএইউ









































