তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে আগুনে বসত বাড়িসহ ৭ অফিস পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ কোটি টাকা

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে দুটি বসত বাড়িসহ ৭টি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তাড়াশ পৌর সদরে সুজন মালের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তাড়াশ পৌর সদরে সুজন মালের বাড়িতে হঠাৎ করে দেখে তাদের ঘরে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে পাশের বাড়ির লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁদের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি বসত বাড়িসহ ৭টি অফিসের প্রায় ১ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ স্কুল শিক্ষক সুজন মাল জানান, তাঁর বসত ঘরসহ ভাড়া ৭টি অফিস ও একটি বসত ঘরের মালামাল পুড়ে গেছে। তার ঘরে থাকা স্বর্ণ-অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরেকটি ঘরের ভাড়াটিয়া সোহাগ হোসেন জানান, স্বর্ণ-অলংকার, চাল, নগদ টাকা, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়াও আরএফএল কোম্পানির ডিলার রফিকুল ইসলাম বলেন, গোডাউন ঘরে মজুদকৃত মালামাল পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা।
পাঞ্জেরী প্রকাশনীর বিক্রয় প্রতিনিধি মাহবুব ইসলাম বলেন, ঘরে থাকা আসবাবপত্রসহ বই পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা।
অপর দিকে দৈনিক সমকাল তাড়াশ প্রতিনিধির ব্যক্তিগত অফিসের প্রায় ২ লাখ টাকার মূল্যবান বই, একটি কম্পিউটার, একটি এলইডি টিভি, ফাইল কেবিনেট, বুকসেলফ, আসবাবপত্র ও একই অফিসে থাকা আরটিভির প্রতিনিধি হাদিউল হৃদয়ের কেনন ৭০০ডি ডিএসলার একটি ক্যামেরা পুড়ে ছাই হয়ে গেছে। সমকাল তাড়াশ প্রতিনিধির অফিসের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা।
এ প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. মঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ি থাকা আসবারপত্র ও মালা মাল আমরা উদ্ধার করতে পারিনি সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
উল্লেখ্য, ঘটনার পর তাড়াশ সহকারী কমিশনার (ভূমি) ও তাড়াশ পৌর প্রশাসক এ. জেড. এম. নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।









































