​নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মাদকের বিরুদ্ধে ধনাশী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর র‍্যালি

ছবি : প্রতিদিনের সংবাদ

"মাদককে না বলুন" — এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ধনাশী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদকমুক্ত তারুণ্য চাই’ এবং ‘ছাত্র জনতা লড়বে, সোনার বাংলা গড়বে’ এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

​বুধবার (১০ জুন) ধনাশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম আকবরের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিতে বিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী ব্যানার, ফেস্টুন হাতে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীদের কণ্ঠে "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে", "মাদক ছেড়ে কলম ধরি, নেশামুক্ত সমাজ গড়ি" — এমন দীপ্ত শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

​র‍্যালি শেষে স্কুল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন ধনাশী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিএম নাজির হোসেন নসু, বিশিষ্ট সমাজসেবক মো: জামাল ভূঁইয়া এবং মো: ফায়েজ সরকার,বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আমজাদ হোসেনসহ এলাকার বিভিন্ন স্তরের সৃজনশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

​সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আমাদের তরুণ সমাজ ও ছাত্র জনতাকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে সর্বস্তরের মানুষের সচেতনতা জরুরি। শিক্ষার্থীরা যাতে মাদক ছেড়ে পড়ালেখা ও সৃজনশীল কাজের দিকে ধাবিত হয়, সেই লক্ষ্যে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম আকবর।

​র‍্যালি ও মানববন্ধনে ছাত্র-ছাত্রীদের অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততা এবং এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি প্রমাণ করে যে, ধনাশী গ্রাম তথা পুরো নবীনগর উপজেলাকে মাদকমুক্ত করতে সবাই এখন ঐক্যবদ্ধ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়