নানাপদের ভর্তা

আবহাওয়া বেশ প্রতিকূল। পরছে গরম। সাথে ঝুম ঝুম বৃষ্টি। কখনো খরা। আবার কখনো তুফান। মানলাম এমন অবস্থায় খাওয়া-দাওয়া হওয়া চাই হালকা। যেহেতু বাঙালি সেহেতু একদম সাদামাটা হলেও চলবে না। একপদ ভর্তা তো পাতে থাকতেই পারে। কি কি থাকতে পারে? তা জানাতেই আজকের আয়োজন। তৈরি করেছেন রন্ধন শিল্পী তানজিন তিপিয়া
শুঁটকি ভর্তা
উপকরণ: লইট্টা শুটকি সেদ্ধ করে হাতে চিড়ে কাটা বেছে নেওয়া ছোট ১ বাটি, লাল মরিচ, হলুদ, জিরা, ধনে গুঁড়া আধা চা চামচ করে, টমেটো কুচি ২টি, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, পেঁয়াজ কাটা মাঝারি ৪টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ আধা ১ চা চামচ ও পানি অল্প।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ রসুন আদা বাটা তেলে হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে ভুনা হয়ে এলেই শুটকি ভর্তা তৈরি।
কাঁঠালের বীচির ভর্তা
উপকরণ: কাঁঠালের বীচি সেদ্ধ করে পাটায় বেটে নেওয়া ৫০টি, লাল মরিচ, হলুদ, জিরা, ধনে গুঁড়া আধা চা চামচ করে, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, কাচাঁ মরিচ কুচি ২টি, পেঁয়াজ কাটা মাঝারি ৪টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ ও লবণ আধা ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ রসুন আদা বাটা তেলে হালকা লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে ভুনা হয়ে এলেই কাঁঠালের বীচির ভর্তা তৈরি।
পোড়া পটোলের ভর্তা
উপকরণ: পটল পুড়ে খোসা সরিয়ে নেওয়া ছোট ১২টি, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, কাচাঁ মরিচ কুচি ২টি, পেঁয়াজ কুচি মাঝারি ২টি, রসুন কুচি ২ কোয়া, কালি জিরা ১ চিমটে, সরিষার তেল ১ টেবিল চামচ ও লবণ আধা ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী: সব উপকরণ একত্রে হাতে চটকে নিলেই পোড়া পটলের ভর্তা তৈরি।
কাঁচ কলার ভর্তা
উপকরণ: কাঁচ কলা সেদ্ধ করে হাতে চটকে নেওয়া ২টি, ধনেপাতা কুচি হাতের ২ মুঠো, পেঁয়াজ কাটা মাঝারি ৪টি, লাল মরিচ পুড়ে নিয়ে চটকানো ১টি, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ আধা চা চামচ।
প্রস্তুত প্রণালী: পেঁয়াজ তেলে লাল করে ভেজে সব উপকরণ একত্রে নেড়েচেড়ে ভুনা নিলেই কাঁচ কলার ভর্তা তৈরি।
"








































