মাগুরা প্রতিনিধি

  ১২ ঘণ্টা আগে

অনলাইন জুয়াচক্রের মাস্টার এজেন্টসহ গ্রেপ্তার ২

মাগুরা জেলা পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়াচক্রের মাস্টার এজেন্টসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে মোবাইল ফোন, ভুয়া এমএফএস অ্যাকাউন্টের সিম ও জুয়ার হিসাব-সংক্রান্ত নথিপত্র। গ্রেপ্তাররা হলেন, মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের আসাদুজ্জামানের ছেলে হৃদয় হাসান এবং তাহাজ্জত মুন্সির ছেলে ইমন হোসেন শান্ত ওরফে লিমন।

মাগুরা পুলিশ অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সোয়া ১২টার দিকে মাগুরা সদর থানার সাজিয়াড়া এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া সাইট পরিচালনার সঙ্গে জড়িত ছিল এবং মাস্টার এজেন্ট হিসেবে কাজ করত। অভিযানে তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ৫৮টি ভুয়া এমএফএস (নগদ/ বিকাশ/ রকেট/উপায়) অ্যাকাউন্টযুক্ত সিমকার্ড এবং জুয়ার হিসাব সংরক্ষণের দুটি খাতা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, জব্দকৃত মোবাইল বিশ্লেষণে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জুয়ার অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের মোবাইলে ৫৯৬টি অনলাইন জুয়া অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড, লেনদেনের তথ্য ও বিভিন্ন সাইটে কার্যক্রমের প্রমাণ মিলেছে।

মাগুরা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন বলেন, এই অনলাইন জুয়া চক্রটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যেখানে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে প্রতিদিন বড় অঙ্কের অর্থ লেনদেন হতো। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়